দেশে ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

দেশে ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe


দেশে ৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

ঢাকা, ২৬ জুলাই – দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে।

এর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং অন্যান্য বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে।

এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো এবং উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬