রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শাখা ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুধুমাত্র মিছিল, মিটিং ও সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
এর আগে পৃথক কর্মসূচির ঘোষণা দেয় দুই সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা বিকেল ৫টায় ৩০ মিনিটে লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।
অন্যদিকে, রংপুর মহানগর ছাত্রদল বিকেল ৪টায় আবু সাঈদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়। সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলাম রবি মহানগরের সকল ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
আরও পড়ুনঃ ‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা
প্রসঙ্গত, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কয়েকজন আহত হন।




