
ঢাকা, ৪ আগস্ট – কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গত রোববার আসামিকে জামিন দেওয়া হলেও মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তার কারামুক্তির পর বিষয়টি প্রকাশ্যে আসে।
হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের জামিন আদেশের কপি অনুযায়ী রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল। হাফিজুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া।
জামিনের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম সাংবাদিকদের জানান যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন জানিয়েছেন যে তারা জামিনের বিষয়টি আজই জানতে পেরেছেন এবং এটি স্থগিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে তনু হত্যা মামলায় গত ২১ এপ্রিল হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ৫২ বছর বয়সী হাফিজুর সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।
২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ১০ বছর পর এই মামলায় হাফিজুরের গ্রেপ্তার ও বর্তমান মুক্তি আবারও আলোচনায় এসেছে।
এনএন/ ৪ আগস্ট ২০২৬






