অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। প্রথমদিনে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পান তাইজুল ইসলাম। তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এবং টিম ম্যানেজার নাফিস ইকবাল।
সিএ একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আঙুলে আঘাত পাওয়া তাইজুলের শারীরিক অবস্থা জানানোর পাশাপাশি কীভাবে পেসার মুশফিক হাসানকে ম্যাচে বোলিং করতে আনা হয়েছিল সেটিও ব্যাখ্যা করেছেন টিম ম্যানেজার নাফিস।
ফিজিও বায়েজিদুল বলেছেন, ‘তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। তারপর থেকে আমরা একটু ব্যান্ডেজ করে রেখেছি, জায়গাটা সুরক্ষিত রাখা হয়েছে। আজকে (শুক্রবার) পুরো বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার পর্যবেক্ষণ করবো।’
নাফিস বলেছেন, ‘ওই (তাইজুলের) জায়গায় আজকে ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে মৌলিক সুযোগ হিসেবে আমরা মুশফিককে রেখেছি। ওরা রাজিও হয়েছে, যার কারণে আজকে সে বোলিং করতে পেরেছে।’




