
বগুড়া, ৭ আগস্ট – বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় শুক্রবার বিকেলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তাদের আট বছর বয়সি নাতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার ব্যবসায়ী বাবুল হাসান এবং তার স্ত্রী জেসমিন বিবি। তাদের নাতি জুলকার নাঈন নিহত বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবুল হাসান তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাত্রাপথে এরুলিয়া বিমানবন্দরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিরাজুল মন্ডল জানান, মোটরসাইকেল চালক তার পরিবারকে বাঁচাতে রাস্তার একেবারে বাম পাশে সরে গিয়েছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি সরাসরি মোটরসাইকেলটিকে আঘাত করে। এই সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, একই দিন ভোরে এই সড়কের একই এলাকায় অপর একটি সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
এনএন/ ৭ আগস্ট ২০২৬





