ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্ত্যপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক রিপন মিয়াকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও তৈরির অজুহাতে অভিযুক্ত রিপন মিয়া বিভিন্ন সময় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নেত্রকোনার মগড়া নদীর উত্তর তীরে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে একটি সালিস অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রিপন মিয়াকে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। তবে ওই ভিডিওতে দেওয়া বক্তব্যের সত্যতা বা তা মামলার অভিযোগের প্রমাণ হিসেবে আইনগত অবস্থান সম্পর্কে তদন্ত চলমান রয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারের পর রিপন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা রিপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিতি পান। ২০১৯ সালে খোলা তার ফেসবুক পেজে বর্তমানে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে। এখন তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ও মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।