জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে কর্মসংস্থানের জন্য বগুড়ার একজন বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাও দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব যানবাহন উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকারভোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।
সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি তিনি অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।
অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন তিনি। পাশাপাশি নিজের রিকশায় আহত আন্দোলনকারীদের হাসপাতালে পৌঁছে দেন।
গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেবেন।
এছাড়া কর্মসংস্থানের জন্য বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থানের অভাবে তিনি দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন।
প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।






