জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার | চ্যানেল আই অনলাইন

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার | চ্যানেল আই অনলাইন

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে নতুন নীতিমালার খসড়া তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা।

এর পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোও নীতিমালাটির অন্যতম লক্ষ্য।

জ্বালানি বিভাগ জানিয়েছে, নীতিমালাটি এখনো প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর এটি চূড়ান্ত করা হবে।

বিভাগ বলেছে, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

এ কারণে প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ।

সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।