এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে বাংলাদেশ জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছেন। ৩১ জুলাই দলের দায়িত্ব নেন জার্মান কোচ পিটার গেরহার্ড। নতুন কোচের অধীনে খেলোয়াড়দের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতিবাচক আমেজে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। দিয়েছেন সুখবর।
এশিয়ান গেমসের ভেন্যু জাপানের আবহাওয়ার সাথে জার্মানির বর্তমান আবহাওয়ার বেশ মিল রয়েছে। জার্মানিতে আধুনিক সব সুযোগ-সুবিধা ব্যবহার করবে বাংলাদেশ দল। সেখানে মূল কোচের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বিদেশি কোচিং স্টাফের অধীনে খেলোয়াড়রা প্রশিক্ষণ পাবেন। এশিয়ান গেমসে ভালো ফল করতে ফেডারেশনের বিশ্বমানের প্রস্তুতির আয়োজন হবে এটি, জানালেন প্রিন্স।
আরিফুল হক প্রিন্স জানালেন, ‘যাদের বিপক্ষে খেলতে যাবো তারা সবাই ইউরোপিয়ান কোচিং স্টাফের অধীনে খেলে থাকে। আমার যতটুকু ধারণা খেলোয়াড়রা ভালো উন্নতি করছে। যদি ইউরোপে তিন সপ্তাহও ক্যাম্প করতে পারি, তাহলে ছেলেদের খেলাও একই ধাঁচে চলে আসবে। ছেলেরা খুশি যে তারা ইউরোপিয়ান ধরনে খেলা শুরু করেছে এবং আস্তে আস্তে আয়ত্তে আনার চেষ্টা করছে। ওই দলগুলোর সাথে ম্যাচগুলো খেলতে পারলে মূল পরিবর্তন কতটা সেটা বোঝা যাবে।’
‘আমাদের যারা প্রতিপক্ষ তাদের প্রায় সবাই এমুহূর্তে ইউরোপে খেলছে অথবা ক্যাম্প করছে। এটা আমাদের জন্য বড় সুযোগ যে ইউরোপে কন্ডিশনিং ক্যাম্প করতে যাচ্ছি। আবহাওয়া এই মুহূর্তে জাপান এবং ইউরোপের সাথে খুব বেশি পার্থক্য নেই। সবমিলে আমরা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারি, ভালো ফলাফল করব।’
আগামী ১২ আগস্ট বাংলাদেশ হকি দল এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে। জার্মানিতে প্রায় একমাসের একটি আবাসিক কন্ডিশনিং ক্যাম্প করবে। লাল-সবুজের প্রতিনিধিরা সফরে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির বিভিন্ন ক্লাবের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের খেলাগুলো ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ পুলে থাকা ভারত, সাউথ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।






