প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়ন হলো ব্রাজিল – DesheBideshe

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়ন হলো ব্রাজিল – DesheBideshe


প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়ন হলো ব্রাজিল – DesheBideshe

ব্রাসিলিয়া, ১০ আগস্ট – ফুটবলের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত হলেও এবার ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পানামাকে ৩ রানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে দেশটি।

কলম্বিয়ায় অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে ৩১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো তারা। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান সংগ্রহ করে ব্রাজিল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে পানামার প্রয়োজন ছিল ১৪ রান।

শ্বাসরুদ্ধকর সেই গুরুত্বপূর্ণ ওভারে বল করতে আসেন ব্রাজিলের অধিনায়ক মিশেল আসুনসাও। ওভারের চতুর্থ বলে পানামার সুফিয়ান তারাজিয়া ছক্কা হাঁকালে ম্যাচটি বেশ উত্তেজনাকর হয়ে ওঠে। পরের বলটি ওয়াইড হওয়ার সাথে বাই থেকে আরও এক রান যুক্ত হওয়ায় শেষ দুই বলে ৪ রানের প্রয়োজন দাঁড়ায়।

চরম উত্তেজনার মুহূর্তে দারুণ ধৈর্য প্রদর্শন করেন ব্রাজিল অধিনায়ক। পঞ্চম বলে তিনি ২৭ রান করা পানামার ব্যাটার ইরফান হাফেজিকে আউট করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ বলে কোনো রান নিতে ব্যর্থ হলে ৩ রানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচে ৩০ রান এবং ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন মিশেল আসুনসাও।

১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ২১তম আসর ছিল এটি। এর আগে ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হলেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ব্রাজিল। এই অর্জনকে ব্রাজিলের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ব্রাজিল এক বার্তায় খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এই ঐতিহাসিক জয় উদযাপন করেছে।

এস এম/ ১০ আগস্ট ২০২৬