আবারও লন্ডনে ফিরে গেলেন ইলিয়াস কাঞ্চন | চ্যানেল আই অনলাইন

আবারও লন্ডনে ফিরে গেলেন ইলিয়াস কাঞ্চন | চ্যানেল আই অনলাইন

সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।

টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, স্বজন ও চলচ্চিত্রের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। তাঁর শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন ছেলে জয়।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসার বিষয়ে জয় জানান, তাঁর বাবার কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে। এবার তাঁকে ইমিউনোথেরাপি দেওয়া হবে। চিকিৎসকেরা তাঁর সুস্থতার বিষয়ে আশাবাদী। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।

লন্ডনে ফেরার আগের রাতে নিসচার মহাসচিব লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ইলিয়াস কাঞ্চন। নিজের চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভবিষ্যৎ নিয়েও সহকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দেশ ছাড়ার আগে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বানও জানান।

এর আগে মঙ্গলবার নিজের জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নেও দান করেন তিনি।

এদিকে ছেলের ভাষ্য অনুযায়ী, কেমোথেরাপি শেষ হওয়ায় চিকিৎসার পরবর্তী ধাপে ইমিউনোথেরাপি নিতে হবে ইলিয়াস কাঞ্চনকে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।