‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত | চ্যানেল আই অনলাইন

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত | চ্যানেল আই অনলাইন

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত | চ্যানেল আই অনলাইন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজের হাতছানি। দুই ম্যাচের সিরিজে ডারউইনে প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে লাল-সবুজের দল। দ্বিতীয় টেস্টে জিতলে অজি মাটিতে সিরিজ জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়বে নাজমুল হোসেন শান্তর দল। হারলে সিরিজ হবে ড্র। এমন পরিস্থিতিতে পা মাটিতেই রাখছেন অধিনায়ক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ৫ ম্যাচে ৩ জয় ও ১টি করে ড্র-হার দেখেছে বাংলাদেশ। ৬৬ শতাংশের বেশি জয়ের হারে টেবিলে চারে আছে টিম টাইগার্স। জয়ের ধারাবাহিকতা থাকলে সুযোগ রয়েছে ফাইনালে খেলারও। তবে এখনই ভবিষ্যতের হিসাব-নিকাশে যেতে চান না বাংলাদেশ অধিনায়ক। পয়েন্ট টেবিলে সুযোগ থাকলেও তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একেকটি ম্যাচ ধরে এগোনো।

ম্যাচ শেষে শান্ত বলেছেন, ‘যদি পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের সুযোগ আছে। কিন্তু অধিনায়ক হয়ে একটা কথা সবসময় ড্রেসিংরুমে বলি— খুব বেশি দূরে চিন্তা না করি। আমরা কীভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’

ডারউইনের জয়কে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখছেন শান্ত। একই সঙ্গে বাস্তবতাও ভুলতে চান না। তার মতে, বাংলাদেশের টেস্ট দল এখনও অভিজ্ঞতার দিক থেকে খুব পরিণত নয়, কিন্তু ধীরে ধীরে ভালো অবস্থানের দিকে এগোচ্ছে।

বলেছেন, ‘খুব ভালো, অনেক বড় জয়, দেশের ইতিহাসের সেরা জয়। কিন্তু বলব, এখনও আমরা ওইরকম অভিজ্ঞ দল না। তবে টেস্ট দলটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে, সুযোগ আছে।’

সেই সুযোগগুলো কাজে লাগানোয় জোর দিচ্ছেন অধিনায়ক। ডারউইনে যেভাবে দল ক্রিকেট খেলেছে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও বড় জায়গায় যাওয়া সম্ভব বলেছেন, ‘এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেভাবে ক্রিকেট খেলছি, যদি এই সুযোগগুলো কাজে লাগাই, অবশ্যই ওই জায়গায় যাওয়া সম্ভব।’

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় সুযোগ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। তবে এখনই বাড়তি চাপ তৈরি করতে চান না শান্ত। বলেছেন, ‘একেকটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, সুতাং ওটার উপরে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’