করদাতাদের কর দিতে উৎসাহিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে সবাই যাতে স্বস্তিতে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।
তিনি বলেন, ‘যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’
রাজস্ব আহরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত ফেব্রুয়ারি থেকে মাঝামাঝি সময় পর্যন্ত রাজস্ব আহরণে ইতিবাচক প্রবৃদ্ধি ছিল। এতে প্রমাণ হয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করলে রাজস্ব কর্মকর্তারাই দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, ‘করদাতাদের উৎসাহী করতে হবে। দুর্নীতিমুক্ত কর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দেশের যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করতে হবে। সবাই যেন স্বস্তিতে কাজ করতে পারে, তার সব ব্যবস্থা করা হবে।’
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।


