
ঢাকা, ১৯ আগস্ট – তারেক রহমান সরকারের ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে ৬৬ দশমিক ৩০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। ডপলার অপিনিয়ন রিসার্চের অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬ শীর্ষক এই জরিপে দেখা গেছে, সব শ্রেণি ও পেশার মানুষের মধ্যে এই ইতিবাচক মনোভাব প্রায় অভিন্ন। এমনকি বিরোধী দলগুলোর সমর্থকদের একটি বড় অংশও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে আস্থাশীল বলে জরিপে উঠে এসেছে।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামীর ৬৫ দশমিক ৫০ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির ৬৫ দশমিক ৮০ শতাংশ সমর্থক প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট। এমনকি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৫২ দশমিক ৫০ শতাংশ সমর্থকও তাঁর প্রশংসা করেছেন।
জরিপে সরকারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিলেও ৩২ দশমিক ৯০ শতাংশ মানুষ অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
দেশের বর্তমান গতিপথ নিয়ে ৪৮ দশমিক ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন দেশ সঠিক পথে চলছে, তবে ৩৫ দশমিক ৬০ শতাংশ মানুষ একে ভুল পথ হিসেবে চিহ্নিত করেছেন।
জনসাধারণের উদ্বেগের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ, জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য। প্রায় ৫৯ দশমিক ৫ শতাংশ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যাকে দেশের বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা গেছে। তবে ব্যক্তি নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে জরিপের ফলাফল বেশ ইতিবাচক। ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা নিজেদের ধর্ম পালনে নিরাপদ বোধ করছেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ১৮০ দিন উপলক্ষে ৩ হাজার ৪৪৩ জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন উন্নয়ন বিশেষজ্ঞ ও সরকারি পদস্থ কর্মকর্তারা।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬



