হাবিব ওয়াহিদ তার সুর, সংগীত এবং বৈচিত্র্যময় গায়কীতে মুগ্ধ করেছেন একাধিক প্রজন্মকে। অন্যদিকে, বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হলেন অঙ্কন। তার গাওয়া কোক স্টুডিওর ‘লং-ডিসটেন্স রিলেশনশিপ’, ‘রংস্টার’ ছবির ‘আমি যাবো হারিয়ে’ এখন শ্রোতাদের মুখে মুখে!
সংগীতাঙ্গনে এই দুই জনপ্রিয় কণ্ঠের মেলবন্ধন ঘটলো গ্রামীণফোনের উদ্যোগে নির্মিত মিউজিক ভিডিও ‘আমি একা’ গানে। দীপক বিশ্বাসের লেখা এই গানের কম্পোজিশন করেছেন হাবিব নিজেই। চারদিন আগে গানটি গ্রামীণফোনে ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গানের ভিডিওর সঙ্গে হাবিব-অঙ্কনের গায়িকিতে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। গ্রামীনফোনের ইউটিউবে এই গানের ভিউ দেখা যাচ্ছে কোটির ছুঁইছুঁই!
‘এক আমি’ শিরোনামেই যেন লুকিয়ে আছে একাকিত্বের গল্প! তবে এই একাকিত্ব হতাশার নয়; বরং নিজের মতো করে পথ চলা, স্বপ্ন দেখা এবং সেই পথচলায় মানুষের সঙ্গে সংযুক্ত থাকার এক অনুভূতি। হাবিব ওয়াহিদ ও অঙ্কন কুমারের কণ্ঠে প্রকাশিত নতুন গানটির মিউজিক ভিডিওতেও ফুটে উঠেছে এমনই এক আবহ।
গানের কথায় ব্যক্তিমানুষের নিজের অস্তিত্ব, পথচলা ও স্বপ্নের কথা উঠে এসেছে। ‘এক আমি’র অনুভূতিতে যেমন নিজের সঙ্গে নিজের কথোপকথন রয়েছে, তেমনি রয়েছে চারপাশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষাও। আর মিউজিক ভিডিও সেই ভাবনাকেই দৃশ্যমান করে তুলেছে।
ভিডিওতে ব্যক্তিগত পথচলার সঙ্গে বৃহত্তর বাংলাদেশের গল্পকে মিলিয়ে দেওয়া হয়েছে। মানুষের দৈনন্দিন জীবন, স্বপ্ন, সম্ভাবনা এবং প্রযুক্তির মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত হওয়ার দৃশ্যগুলো গানের মূল বক্তব্যকে আরও বিস্তৃত করেছে।
ফলে এটি শুধু একটি গানের ভিডিও হয়ে থাকেনি; বরং ‘একজন থেকে অনেকজন, একা থেকে একসঙ্গে’ এগিয়ে যাওয়ার একটি ভিজ্যুয়াল গল্প হয়ে উঠেছে।
হাবিব ওয়াহিদের পরিচিত সুরের সঙ্গে অঙ্কন কুমারের কণ্ঠের সংযোজন গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রকাশের পর গানটি শ্রোতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় হচ্ছে।


