ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছোট কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মূল আলোচনার বিষয় রোনালদোর একটি মুখভঙ্গি, যা ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে অনলাইনে।
২০২৬ সালের এসপোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্যারিসে দেখা হয় রোনালদো ও ইনফান্তিনোর। সেখানে পর্তুগিজ তারকার ক্যারিয়ারে এক হাজার গোলের লক্ষ্যের কথাও ওঠে।
ইনফান্তিনো রোনালদোকে জিজ্ঞেস করেন, ‘কেমন আছ? ভালো আছ তো?… ভালো। আর ২৩ গোল, তাই তো?’
রোনালদো জবাব দেন, ‘হ্যাঁ।’
এরপর ফিফা সভাপতি তাকে উৎসাহ দিয়ে বলেন, ‘শুভকামনা। চলো, চলো।’ রোনালদো জবাব দেন, ‘ধন্যবাদ।’
তবে কথোপকথনের পরের মুহূর্তটিই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নজর কেড়েছে। ইনফান্তিনোর সামনে রোনালদোকে হাসিমুখে দেখা গেলেও সেখান থেকে ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। অনেকেই সেটিকে বিরক্তি বা অসন্তোষের প্রকাশ হিসেবে দেখছেন।
SU CARA LO DICE TODO 😳
👀 Captaron a CR7 hablando con Gianni Infantino sobre lo cerca que está de los 1000 goles.
Pero lo que le ha dado de qué hablar es la cara de Cristiano al irse. 😬
📹 MousaQi pic.twitter.com/GDSzL6oM1w
— ESPN.com.mx (@ESPNmx) August 23, 2026
ঘটনাটি নিয়ে ইউরোপের সংবাদমাধ্যম গুলো লিখেছে, রোনালদোর মুখের অভিব্যক্তিই মূলত বিতর্কের জন্ম দিয়েছে। যদিও ওই মুখভঙ্গির পেছনে আসলে কী কারণ ছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
রোনালদো বর্তমানে ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন। ইনফান্তিনোর হিসাবে, সেই লক্ষ্যে পৌঁছাতে তার আর ২৩ গোল প্রয়োজন।



