আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ নিয়ে আবারও দর্শকের প্রশংসা পেলেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। রাশিয়ার ওরেনবুর্গে চলমান ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে তার নির্মিত ‘অতল’ (In Between Living)।
রবিবার (২৩ আগস্ট) উৎসবে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনীর পর দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা।
ওরেনবুর্গে ‘অতল’-এর প্রদর্শনী নিয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে নির্মাতা যুবরাজ শামীম চ্যানেল আই অনলাইনকে জানান, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ারের সময় যে দর্শক প্রতিক্রিয়া পেয়েছিলেন, ওরেনবুর্গে তার চেয়ে অনেক বেশি আন্তরিক সাড়া পেয়েছেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিকির্য়ায় নির্মাতা লিখেন, “কীভাবে শুরু করব! কোন শব্দের পর কোন শব্দ সাজালে নিজের অনুভূতির ঠিকঠাক প্রকাশ ঘটবে! ‘অতল’-এর ওরেনবুর্গ প্রিমিয়ার এত অদ্ভুত, অসাধারণ হবে কল্পনাতেও ছিল না। তবে ধারণা করেছিলাম, ভালো হবে।”
ওরেনবুর্গের দর্শকদের সঙ্গে মস্কোর দর্শকদের তুলনা করে তিনি বলেন, “মস্কোর চেয়ে এখানকার দর্শকেরা অনেক বেশি আন্তরিক। শুধু মস্কো নয়, আমার অভিজ্ঞতার যে কয়টি ফেস্টিভ্যাল আছে, সবগুলোর চেয়ে এখানকার দর্শকদের সহজেই আলাদা করতে পারি। অন্তত অতলের বেলায় তাই ঘটল।”
‘আদিম’-এর তুলনায় ‘অতল’ দর্শকের সঙ্গে কম যোগাযোগ তৈরি করে উল্লেখ করে নির্মাতা বলেন, তার প্রথম সিনেমা ‘আদিম’ তুলনামূলকভাবে বেশি কমিউনিকেটিভ হওয়ায় বিভিন্ন জায়গায় সেটির দর্শক প্রতিক্রিয়াও বেশি পেয়েছেন। কিন্তু ‘অতল’ প্রচলিত চলচ্চিত্রের ধারা থেকে অনেক দূরের এবং ধীরগতির ছবি। তাই প্রদর্শনীর শুরুতেই তার আশঙ্কা ছিল, সিনেমা শেষ হওয়ার আগেই অনেক দর্শক হল ছেড়ে যেতে পারেন।
যুবরাজ বলেন, “মস্কোতে অনেকেই উঠে চলে গেছেন। কিন্তু ওরেনবুর্গে ঘটেছে এর ভিন্ন চিত্র! প্রায় প্রত্যেকেই কী দারুণ আগ্রহ নিয়ে পুরো ছবিটা দেখলেন।”
শুধু পুরো সিনেমা দেখা নয়, প্রদর্শনী চলাকালে দর্শকদের আগ্রহ এবং প্রদর্শনী-পরবর্তী প্রশ্নোত্তর পর্বও নির্মাতাকে মুগ্ধ করেছে। তিনি জানান, সিনেমা চলাকালে অনেক দর্শক ছবি তুলেছেন এবং প্রদর্শনী শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের প্রশ্ন থামছিল না।
ওরেনবুর্গের এই অভিজ্ঞতা তুলে ধরে তাইওয়ানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাই মিং-লিয়াংয়ের একটি বক্তব্য দিয়ে নিজের প্রতিক্রিয়া শেষ করেছেন যুবরাজ শামীম। লিখেন ‘প্রতিটি আর্টের নিজস্ব টাইম এবং স্পেস আছে, এবং সে তা ঠিক খুঁজে নেয়।’
এর আগে চলতি বছরের এপ্রিলে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অতল’-এর বিশ্ব প্রিমিয়ার হয়। ‘অ্যাপোক্যালিপস নাও’ বিভাগে প্রদর্শিত সিনেমাটি নেটপ্যাক অ্যাওয়ার্ডের জন্যও প্রতিযোগিতা করে। মস্কোর পর এবার রাশিয়ার ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘অতল’।
‘দরবার শরীফ’-এর ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা করেছেন যুবরাজ শামীম। সিনেমাটোগ্রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। শব্দগ্রহণ করেছেন রিপন নাথ, কালার করেছেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।
যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।



