লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যেসব খাবার রাখা জরুরি – DesheBideshe

লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যেসব খাবার রাখা জরুরি – DesheBideshe


শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের সুরক্ষা নিশ্চিত করা সুস্বাস্থ্যের অন্যতম পূর্বশর্ত। রক্ত থেকে ক্ষতিকর উপাদান অপসারণ, পিত্তরস তৈরি এবং বিপাকীয় কার্যাবলী পরিচালনার মতো কঠিন সব কাজ করে থাকে এই অঙ্গটি। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং অ্যালকোহল লিভারের ওপর বাড়তি চাপ তৈরি করে।

যদিও কোনো নির্দিষ্ট খাবার দিয়ে লিভার পুরোপুরি পরিষ্কার বা ডিটক্স করার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে সুষম খাদ্যাভ্যাস এর কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লিভারের সুস্থতায় রসুনের ব্যবহার বেশ কার্যকর কারণ এতে থাকা সালফার বিপাকীয় কাজে সহায়তা করে।

সাইট্রাস ফল যেমন কমলা বা লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সুরক্ষায় কাজ করে। ব্রোকলি ও বাঁধাকপির মতো সবজিতে থাকা ফাইবার লিভারের কার্যক্রমকে গতিশীল করে।

এ ছাড়া ওমেগা থ্রি সমৃদ্ধ আখরোট এবং কারকিউমিন সমৃদ্ধ হলুদ লিভারের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। বিটরুট ও গাজরে থাকা বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

প্রতিদিনের খাদ্যতালিকায় আপেল এবং অ্যাভোকাডো রাখা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে গ্রিন টি এক্সট্র্যাক্ট জাতীয় সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক কারণ অতিরিক্ত মাত্রার সেবন লিভারের ক্ষতির কারণ হতে পারে।

লিভার ভালো রাখতে নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা প্রয়োজন। লিভার সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ২৬ আগস্ট ২০২৬