বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এবারের প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানারআপ হয়েছে।
প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর ৫৫ পদাতিক ডিভিশনের এনসি(ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।
সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিযোগী খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

