তেল–চিনির দাম কেন বাড়ল, জানালেন বাণিজ্যমন্ত্রী

বাজারে চিনির সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বড় পরিশোধনাগারগুলোর কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি আছে। গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটায় উৎপাদনে সাময়িক প্রভাব পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম একেক সময়ে একেক কারণে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থার ব্যাঘাত, ফলন বিপর্যয়, বিদ্যুৎ ও গ্যাস–সংকট কিংবা পরিবহন সমস্যার প্রভাব পণ্যের দামে পড়ে।

বাজার তদারকি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট কিছু খাদ্যসহায়তা ও ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করে। অন্যদিকে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্য বেসরকারি খাতের মাধ্যমে আসে। বাজারে পর্যাপ্ত মজুত আছে কি না, এলসি খোলা হচ্ছে কি না বা সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক আছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে।

আগামী পবিত্র রমজানে প্রতিটি সিটি করপোরেশন ও জেলা সদরে স্বল্প মূল্যে পণ্য বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি খোলাবাজারে নির্ধারিত দামে চাল বিক্রি অব্যাহত থাকবে।