
ছবি: সংগৃহীত।
<strong>নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে নির্দিষ্ট এসব পণ্য আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও অগ্রিম আয়কর দিতে হবে না।</strong>
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১৮০ দিনের জন্য ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, পুরো রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে।
প্রজ্ঞাপন জারির দিন থেকে এই সুবিধা কার্যকর হবে এবং ছয় মাস পর্যন্ত তা বহাল থাকবে। এই সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে নির্ধারিত শুল্ক-কর রেয়াত পাওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে যে ভোগান্তি তৈরি হচ্ছে, তা কমাতে এই উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি শিল্প উৎপাদন সচল রাখা, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ ঘাটতির কারণে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমাতেও এটি ভূমিকা রাখবে।
সরকারের আশা, শুল্ক-কর ছাড়ের ফলে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। একই সঙ্গে দ্রুত নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে বিদ্যুতের চাহিদা পূরণেও এই উদ্যোগ সহায়ক হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
