
ছবি: সংগৃহীত
কাঁচামালের দাম বৃদ্ধি এবং তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
সংগঠনটির দাবি, উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমান দামে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। লোকসান সামাল দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না হওয়ায় তারা পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বেকারি ব্যবসায়ীরা জানান, ভোজ্যতেল, আটা, ময়দা ও চিনির মতো প্রধান কাঁচামালের দাম গত এক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা এবং আটা ও ময়দার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
কাঁচামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকটও বেকারি শিল্পে চাপ বাড়িয়েছে। জ্বালানি সংকটের কারণে অনেক কারখানাকে দিনের বড় একটি সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং কারখানার অন্যান্য খরচ সামলানো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি বেকারি পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়েছে। ফলে আগের দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, বাধ্য হয়েই আগামী ১২ সেপ্টেম্বর থেকে বেকারি পণ্য বাড়তি দামে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার দ্রুত সহযোগিতার উদ্যোগ না নিলে এ খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
