
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ রোববার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এসব প্রযুক্তি নতুন সুযোগ তৈরি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি করেছে।
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ বাড়তে থাকায় প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি তদন্ত ও প্রযুক্তিগত সক্ষমতায় পরিবর্তন আনা প্রয়োজন।
আইজিপি বলেন, সাইবার অপরাধের তদন্তে দক্ষতা অর্জন আধুনিক পুলিশিংয়ের একটি অপরিহার্য অংশ। তাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী তদন্তকারীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে তাঁরা প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি প্রশিক্ষণ ও যোগাযোগের দক্ষতাও অর্জন করবেন। প্রশিক্ষণে পাওয়া জ্ঞান মাঠ পর্যায়ের অন্যান্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অন্য তদন্তকারীদের কার্যকরভাবে প্রশিক্ষণ দিতে পারলে সাইবার অপরাধের মামলা তদন্তে দক্ষ কর্মকর্তার সংখ্যা দ্রুত বাড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ও অতিরিক্ত আইজি কাজী মো. ফজলুল করিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছা. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। এ সময় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অনুষদ সদস্য ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাজী মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ পুলিশের এপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে পুলিশ স্টাফ কলেজ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে কাজ করছে। সাইবার অপরাধ মোকাবিলায় এই প্রশিক্ষণ কর্মকর্তাদের তদন্ত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ১০ দিনের এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশ নেওয়া ৩৩২ জন পুলিশ কর্মকর্তা মাঠ পর্যায়ের সাইবার অপরাধ মামলা তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

