
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ফেসবুকে ঢুকলেই চোখে পড়ে ভাইরাল হওয়ার নেশায় অনেকেই বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে ব্যক্তি, সমাজ এমনকি আগামীর প্রজন্মের ওপরও।
বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ছড়িয়ে পড়া এই ‘ভাইরাল সংস্কৃতি’ এবং এর নানা প্রভাবকে উপজীব্য করেই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের এই ধারাবাহিকটি পরিচালনায় রয়েছেন সাজিন আহমেদ বাবু এবং রচনা করেছেন আল আমিন স্বপন।
নির্মাতার দাবি, দর্শকদের বিনোদনের পাশাপাশি সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে নাটকটিতে। বুধবার থেকে একটি বেসরকারি প্রচারমাধ্যমে প্রচারের পর নাটকটি ‘আর্টফ্রেম’ নামের ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হবে।
নাটকটির পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, বর্তমানে ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ যেভাবে ক্রমেই নিচে নামছেন, তার নেতিবাচক প্রভাবও পড়ছে সমাজে। সেই বাস্তবতাই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, “ইদানীং ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেটাই নাটকটিতে দেখানো হবে। এসব ভাইরালের যন্ত্রণায় আমরা ফেসবুকে স্বস্তিতে থাকতে পারি না! এমনকি বেডরুমের ভেতরে কী চলছে, সেটিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। বাংলাদেশ ও কলকাতার প্রায় সব ধরনের ভাইরাল চরিত্রকেই এখানে তুলে ধরা হয়েছে।”
নির্মাতা আরও জানান, অনলাইনে ছড়িয়ে পড়া ভাইরাল কনটেন্টের বড় একটি অংশই নেতিবাচক। তবে শুধু নেতিবাচক দিক নয়, ভাইরাল হয়ে যারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছেন, তাদেরও নাটকটিতে তুলে ধরা হয়েছে।
সাজিন আহমেদ বাবু বলেন, “অনলাইনে ৯০ শতাংশ ভাইরালই নেতিবাচক। তবে যারা ভাইরাল হয়ে ইতিবাচক প্রভাব ফেলছেন, তাদেরও আমরা তুলে ধরেছি। দর্শক নাটকটি দেখলেই আমাদের সমাজের নানা ধরনের ভাইরাল চরিত্রের সঙ্গে পরিচিত হতে পারবেন।”
‘আমরা ভাইরাল’-এ অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভ।
নাটকটির শুটিং হয়েছে পুবাইলে একটি শুটিং হাউস ও একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালারের দায়িত্বে ছিলেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।
নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা, সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যতিক্রমী হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করায় ‘আমরা ভাইরাল’ দর্শকদের মধ্যে সাড়া ফেলবে এবং বিনোদনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা দিক নিয়েও ভাবনার সুযোগ তৈরি করবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
