৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ২০২৬-এ নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই সুখবর দিয়েছেন তিনি।
ছবিতে ঢিলেঢালা সাদা গাউন পরা মাহিরাকে এক হাতে বেবি বাম্প ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।” তার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
গর্ভাবস্থার খবর জানাতে মাহিরার সাজেও ছিল সরলতা। পুরো হাতা সাদা গাউনটি তার বেবি বাম্পকে স্পষ্ট করে তুলেছে। কোনো বাড়তি আয়োজন ছাড়াই তোলা ছবিতে তাকে শান্ত ও আনন্দিত দেখাচ্ছে। ফলে সুখবরটি আরো ব্যক্তিগত হয়ে উঠেছে।
এদিকে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিচ্ছেন মাহিরা। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্বও পালন করেছেন তিনি। সিনেমায় অবদানের জন্য তাকে সম্মাননাও দেওয়া হয়েছে।
টিআইএফএফে মাহিরার উপস্থিতির মধ্য দিয়ে পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। বিয়ের প্রায় তিন বছর পর তাদের ঘরে আসতে যাচ্ছে প্রথম সন্তান। তবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।
মাহিরার বিয়ের সময়ও আজলান মায়ের পাশে ছিলেন। সেলিম করিমের সঙ্গে মায়ের বিয়েতে তাকে বিয়ের মঞ্চ পর্যন্ত এগিয়ে দেন আজলান।
টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহিরা। ‘হামসাফর’ নাটকের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মাহিরার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘শেহর-ই-জাত’, ‘সাদকায়ে তুমহারে’, ‘বিন রয়’, ‘সুপারস্টার’ এবং ফাওয়াদ খানের সঙ্গে অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে

