
১৯৯৮ সালে কোরবানির ঈদে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের পর দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটির মুক্তির ২৭ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফাকে নিয়ে নির্মিত হয়েছে রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’।
আগেরটি বাসু চ্যাটার্জি বানালেও এবারেরটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস।
নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’। ইতোমধ্যে সিনেমাটির মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রিমেক প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন, “এ ধরনের ছবি রিমেক করা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটি করেছি। ছবিটি দেখার পর বাকিটা দর্শকরাই বলবেন। আগের সিনেমাটি ম্যাসিভ হিট হয়েছিল। মুক্তির আগে কিছুটা টেনশনে আছি, তবে সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “গল্প একই রেখেছি, কিন্তু লোকেশন পরিবর্তন করেছি। আগের সিনেমার বড় একটি অংশ রাজস্থানে থাকলেও এবার বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মাণ করেছি। আগের সিনেমাকে অতিক্রম করতে পারব কি না জানি না, তবে দর্শকদের বাহবা পাওয়ার আশা করছি। দর্শক দেখলে নিরাশ হবেন না।”
সিনেমায় অভিনয় প্রসঙ্গে আরিয়ান সারোয়ার বলেন, “শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়। পরিচালকের নির্দেশনা এবং নিজের মতো করে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অভিনয়জীবনের শুরুতেই এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য বড় প্রাপ্তি।”
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
