
ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাওয়ের জীবন বড় পর্দায় তুলে আনছেন বলিউডের প্রযোজক করণ জোহর। ধর্ম প্রোডাকশনস ও লিও মিডিয়া কালেকটিভ যৌথভাবে নির্মাণ করবে বড় বাজেটের এই স্পাই অ্যাকশন সিনেমা।
সোমবার (২১ সেপ্টেম্বর) ‘র’-এর প্রতিষ্ঠার ৫৮ বছর পূর্তিতে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তির পরিকল্পনা রয়েছে। ওই বছর সংস্থাটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ হবে।
নির্মাতা করণ জোহর তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘তিনি অদৃশ্যকে গড়ে তুলেছিলেন, কিন্তু ইতিহাস তার প্রভাবকে মনে রেখেছে। আজ ‘র’-এর ৫৮ বছর পূর্তি এবং আমরা আর এন কাও-এর গল্প নিয়ে আমাদের চলচ্চিত্রটি ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। তিনি এমন একজন মানুষ যিনি আড়ালে থেকে কাজ করতেন এবং আজকের ‘র’ নামক প্রতিষ্ঠানটিকে এবং এর প্রথম মিশনকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। নিতিন গোখালের লেখা ‘জেন্টলম্যান স্পাইমাস্টার’ বই অবলম্বনে তার গল্পটি বড় পর্দায় আসছে ১১ আগস্ট ২০২৮।’
করণ জোহর এর আগেও একটি বিবৃতিতে বলেন, ‘লিও মিডিয়া গত দুই বছর ধরে অত্যন্ত যত্ন ও আবেগের সাথে এই আখ্যানটি নিয়ে গবেষণা ও নাট্যরূপ দিয়ে আসছে। আমরা চাই এই চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে একটি আকর্ষণীয় গল্প হোক, যা ‘র’ (RAW)-কে শ্রদ্ধা জানাবে এবং একটি শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে তাদের মাইলফলক বছরটিকে সম্মানিত করবে। ধর্মা প্রোডাকশনসের আমরা সবাই কাজ শুরু করার জন্য খুবই উত্তেজিত।’
এই ছবির শুটিং শুরু হয়ে যাবে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ। তবে আপাতত কাস্টিং, পরিচালক এবং অন্যান্য প্রযোজনা সংক্রান্ত তথ্য গোপন রাখা হচ্ছে। অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে যে, একজন শীর্ষস্থানীয় অভিনেতা ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন।
গল্পটি ১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কাল জুড়ে থাকবে, যেখানে ‘র’ (RAW) গঠনের প্রেক্ষাপট এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সংস্থাটির প্রথম বড় অভিযানের প্রেক্ষাপট তুলে ধরা হবে।
আরএন কাও কে ছিলেন?
রামেশ্বর নাথ কাও ‘র’ (RAW)-এর প্রথম প্রধান ছিলেন এবং ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। ভারতের বৈদেশিক গোয়েন্দা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দেশের অন্যতম অগ্রণী গোয়েন্দা কর্মকর্তা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হন।
র-এর দায়িত্ব গ্রহণের আগে কাও ইন্টেলিজেন্স ব্যুরোর এভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তিনি বেশ কয়েকটি সংবেদনশীল গোয়েন্দা অভিযানেও জড়িত ছিলেন এবং ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টির ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
