
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা স্মরণ করেন। সম্প্রতি চীনের ইউনান প্রদেশ সফরের কথা উল্লেখ করে তিনি সেখানে পাওয়া উষ্ণ আতিথেয়তা ও আন্তরিকতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও চীন উভয় দেশের জনগণের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালীকরণ, জনগণের জীবনমান উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, ওই সফর বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে দুই দেশের সংসদীয় পর্যায়ে দ্বিপক্ষীয় সফর, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া মংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।
দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও আন্তরিকতার জন্য ডেপুটি স্পিকার এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়াও ওয়েন। বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


