তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার

বুধবার দাম বাড়লেও চলতি সপ্তাহে তেলের বাজার এখনো চাপের মধ্যে রয়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। একই সময়ে ব্রেন্টের দাম কমেছে প্রায় ১ শতাংশ।

এখন তেলের বাজারের মূল নজর ওয়াশিংটন ও তেহরানের আলোচনার দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ইরানের প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার বৈঠক ‘খুব ভালো’ হয়েছে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাবেন, নাকি দেশটিকে ‘ধ্বংস’ করবেন, এ নিয়ে ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি যেমন আছে, তেমনি উত্তেজনা কমে গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার খুলে যাওয়ারও সম্ভাবনা আছে। তেলের বাজার এখন এই দুটি বিষয়ই বিবেচনায় নিচ্ছে।