ইউটিউব দেখে ‘সূর্যডিম’ তরমুজ চাষ, তিন লাখ টাকা বিক্রির আশা জব্বারের

নতুন জাতের ফসল চাষের বিষয়ে বইপত্র পড়ার পাশাপাশি ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করেন আবদুল জব্বার। জানান, ইউটিউব দেখেই ‘সূর্যডিম’ তরমুজ চাষে আগ্রহী হন তিনি। পরে গত বছর নিজেই তথ্য সংগ্রহের মাধ্যমে বীজ সংগ্রহ করে চাষ করেন। ট্রেতে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেন। এরপর সেই চারা জমিতে রোপণ করেন।

আবদুল জব্বার বলেন, ‘ইউটিউবে কৃষিবিষয়ক অনুষ্ঠান দেখে নতুন জাতের এই তরমুজ চাষের কথা জানতে পারি। পরে নিজেই তথ্য সংগ্রহ করে বীজ সংগ্রহ করি। গত বছর অল্প জমিতে চাষ করে ভালো ফল পাই। তাই এবার চাষের পরিমাণ বাড়িয়েছি।’ তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে সাধারণত শীত মৌসুমে তরমুজ চাষ হয়। কিন্তু সূর্যডিম জাতটি বর্ষা মৌসুমেও চাষ করা যায়।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায় প্রথম আলোকে বলেন, সূর্যডিম জাতের একটি তরমুজ সাধারণত আড়াই থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে।

উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন চৌধুরী বলেন, আবদুল জব্বার একজন আধুনিক কৃষক। নতুন নতুন জাতের ফসল চাষে তাঁর আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। এবার তিনি সূর্যডিম জাতের তরমুজ চাষ করেছেন। রোগবালাইয়ের ঝুঁকি কমাতে সতর্কতার সঙ্গে ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে।