পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, লাশ পড়ে ছিল জঙ্গলে

পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, লাশ পড়ে ছিল জঙ্গলে

বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাঁকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার হয়।

নিহত ব্যক্তির নাম মো. সগীর (৪৫)। তিনি লামা উপজেলার পূর্ব শিলেরতুয়া এলাকার ছামাইঝিরির বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। নিহত মো. সগীর পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার রূপসীপাড়া বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হাতিরঝিরি এলাকায় একটি জুমখেতের পাশের গহিন জঙ্গলে লাশটি পড়ে ছিল। সকালে একজন ম্রো জুমচাষি তাঁর সঙ্গে থাকা কুকুরের মাধ্যমে লাশটির সন্ধান পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, মো. সগীরকে সর্বশেষ গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রূপসীপাড়া বাজারে দেখেছেন। তাঁর শরীরে মারধরের আঘাত রয়েছে। তাঁকে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ওই দিনমজুরকে কেন বা কারা হত্যা করেছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।