প্রথমে খুব সাধারণ একটি বিষয় বোঝা দরকার। দৌড়ানোর হাফপ্যান্ট সাধারণ হাফপ্যান্ট থেকে একটু ছোট করে বানানো পোশাকের কোনো ফ্যাশন নয়। এটি দৌড়ানোর জন্য বিশেষভাবে তৈরি পোশাক।
আপনি পাঁচ কিলোমিটার হেঁটে গেলে যে পোশাকে কোনো সমস্যা হবে না, সেই একই পোশাকে ২০ বা ৩০ কিলোমিটার দৌড়ালে সমস্যা হতে পারে। দীর্ঘ সময় দৌড়ানোর সময় একজন রানারের পা হাজার হাজারবার সামনে-পেছনে যায়। কাপড় ও ত্বকের ক্রমাগত ঘর্ষণ থেকে ‘চ্যাফিং’ হতে পারে। সহজ বাংলায়, একই জায়গায় বারবার ঘষা লেগে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা করা, এমনকি ক্ষত তৈরি হয়।
তার সঙ্গে আছে শরীরের তাপনিয়ন্ত্রণের ব্যাপার।
দৌড়ানোর সময় পেশির কাজ থেকে প্রচুর তাপ তৈরি হয়। শরীর সেই অতিরিক্ত তাপের একটা বড় অংশ ঘাম ও ঘামের বাষ্পীভবনের মাধ্যমে বের করে দেয়।
বিশ্ব অ্যাথলেটিকসের তাপ ও দৌড়বিষয়ক নির্দেশিকাতেও ব্যায়ামের সময় ঘামের বাষ্পীভবনকে শরীর থেকে তাপ বের করার প্রধান পথ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
গরমের সঙ্গে আর্দ্রতা বেশি হলে কাজটা আরও কঠিন হয়; কারণ, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে ঘাম সহজে বাষ্পীভূত হতে পারে না।
ঢাকার গরম ও আর্দ্রতায় বিষয়টা মোটেও তুচ্ছ নয়। এ কারণেই দীর্ঘ দূরত্বের দৌড়ের পোশাক সাধারণত হালকা, দ্রুত শুকায়, কম পানি ধরে এবং পায়ের স্বাভাবিক চলাচলে যতটা সম্ভব কম বাধা দেয়।
হাফপ্যান্ট ছোট হওয়ার পেছনে তাই খুব সাধারণ একটা নকশাগত যুক্তি আছে—যতটুকু কাপড় প্রয়োজন, ততটুকুই রাখা। এটা অশালীন হওয়ার চেষ্টা নয়। অনেক ক্ষেত্রেই এটা পোশাকটার কাজের অংশ।




