
ছবি: সংগৃহীত
জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোটের সদস্যরা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাসের মধ্যে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
জি-৭ নেতারা জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। বাজারে অস্থিরতা বাড়তে পারে এমন কোনো রপ্তানি বিধিনিষেধ থেকেও তারা বিরত থাকবেন।
জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। এতে ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্য দেশগুলোর নেতারা অংশ নেন।
এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের মধ্যে উদ্বেগ তৈরি করে। কারণ জ্বালানির চাহিদা পূরণে ইউরোপ আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।
জরুরি মজুত থেকে জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্তের মাধ্যমে সরবরাহ বাড়িয়ে বাজারের অস্থিরতা কমানোর পাশাপাশি রপ্তানি বিধিনিষেধের কারণে সম্ভাব্য সংকট এড়াতে চায় জি-৭।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




