রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালকের সহকারী (হেলপার) ও দুজন যাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোর পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বড়দরগা হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

দুর্ঘটনাকবলিত বাস

মহাসড়কে অবৈধভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। অন্যজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে।