
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ৯৭ জন মুসলিম প্রার্থী জয় পেয়েছেন। মার্কিন কংগ্রেস থেকে রাজ্য আইনসভা, আদালত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড পর্যন্ত বিভিন্ন পদে তাঁদের এই সাফল্য দেশটির রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যে ছড়িয়ে থাকা বিজয়ীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান, মাসুদুর রহমান, হাসিব ফাতমী ও আবুল বাশার খানও। নতুন মুখের উত্থানের পাশাপাশি অভিজ্ঞ জনপ্রতিনিধিদের পুনর্নির্বাচন এই সাফল্যকে আরও বিস্তৃত করেছে।
মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা কেয়ার এবং কেয়ার অ্যাকশন ৫ নভেম্বর প্রকাশিত সংকলনে ৯৭ জনের জয় নিশ্চিত করেছে। সংগঠন দুটি জানিয়েছে, সব আসনের ফল পাওয়া গেলে বিজয়ীর সংখ্যা এক শ ছাড়িয়ে যেতে পারে।
৩ নভেম্বরের এই নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন স্তরে তাঁদের অংশগ্রহণ। কেয়ার ও কেয়ার অ্যাকশন প্রাথমিক নির্বাচনের ধাপ পেরিয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬৮ জন মুসলিম প্রার্থীকে পর্যবেক্ষণে রেখেছিল। তাঁদের কেউ জাতীয় আইনপ্রণেতা হওয়ার লড়াইয়ে নেমেছেন, কেউ রাজ্যের আইনসভায়, আবার কেউ নিজ এলাকার শিক্ষা বোর্ড কিংবা স্থানীয় প্রশাসনে দায়িত্ব পালনের জন্য ভোট চেয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে নতুনদের মধ্যে বিশেষ নজর কেড়েছেন চিকিৎসক অ্যাডাম হামাওয়ি। নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান গ্রেগ মেলেকে পরাজিত করে তিনি রাজ্যটি থেকে নির্বাচিত প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হয়েছেন। মিসরে জন্ম নেওয়া হামাওয়ি যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। মার্কিন সেনাবাহিনীর সাবেক এই চিকিৎসক ইরাক যুদ্ধে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালে গাজায় মানবিক চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন।
নিউইয়র্কের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন দারিয়ালিজা আভিলা শেভালিয়ের। এর আগে ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে দীর্ঘদিনের কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইয়াতকে পরাজিত করেছিলেন তিনি। আপার ম্যানহাটন ও ব্রঙ্কসের অংশ নিয়ে গঠিত এই আসনে সাধারণ নির্বাচনের জয়ও নিশ্চিত করেছে সিবিএস। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থন পাওয়া এই প্রার্থীর সাফল্য শহরটির প্রগতিশীল রাজনীতিতে নতুন মুখের উত্থানের আরেকটি উদাহরণ।
মিনেসোটার ৫ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। মিশিগানের ১২তম ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব। ক্যালিফোর্নিয়ার ১২তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন লতিফা সাইমন। ইন্ডিয়ানার ৭ম ডিস্ট্রিক্টে আসন ধরে রেখেছেন আন্দ্রে কারসন। অন্যদিকে মিশিগান থেকে মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ। তিনি এই উচ্চকক্ষে নির্বাচিত প্রথম মুসলিম।
ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাবের জয়ও ঘোষণা করা হয়েছে। ৬ নভেম্বর এপি তাঁকে বিজয়ী ঘোষণা করে। কেকিউইডির প্রকাশিত ফলে ওয়াহাবের ভোট ৫৭ দশমিক ৫ শতাংশ এবং প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজের ৪২ দশমিক ৪ শতাংশ দেখানো হয়েছে। আগস্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসে প্রবেশ করা ওয়াহাব এবার পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হলেন।
রাজ্য আইনসভায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ইলিনয়ের নাবিলা সাইয়েদ। রাজ্য সিনেটের ২৬তম ডিস্ট্রিক্টে রিপাবলিকান ডারবি হিলসকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে এনেছেন তিনি। এর আগে রাজ্য প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন সাইয়েদ। শিকাগোর উত্তর-পশ্চিমের শহরতলির অংশ নিয়ে গঠিত এই আসনে তাঁর জয়ে শুধু প্রতিনিধি বদল হয়নি, বদলেছে দলীয় নিয়ন্ত্রণও।
নিউইয়র্ক রাজ্য সিনেটের ১২তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত সংগঠক আবের কাওয়াস। আবাসন, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং অভিবাসীদের অধিকারকে সামনে রেখে প্রচার চালিয়েছেন তিনি। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে নিউইয়র্কের রাজ্য আইনসভায় প্রথমবারের মতো একজন ফিলিস্তিনি মুসলিম নারী প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
মিশিগান রাজ্য সিনেটের ২য় ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন আব্বাস আলাওয়েহ। জর্জিয়া রাজ্য সিনেটের ৭ম ডিস্ট্রিক্টে বিজয়ী হয়েছেন রুওয়া রোমান। কানেকটিকাট রাজ্য সিনেটের ২য় ডিস্ট্রিক্টে রিপাবলিকান টিম নটসকে পরাজিত করেছেন মরিয়ম খান। ব্যালটপিডিয়ার প্রকাশিত হিসাবে মরিয়মের ভোট ৭৮ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ীদের মধ্যে শেখ রহমান জর্জিয়া রাজ্য সিনেটের ৫ম ডিস্ট্রিক্টে এবং মাসুদুর রহমান কানেকটিকাট রাজ্য সিনেটের ৪র্থ ডিস্ট্রিক্টে নির্বাচিত হয়েছেন। নর্থ ক্যারোলাইনা রাজ্য সিনেটের ১৮তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন হাসিব ফাতমী। নিউ হ্যাম্পশায়ারের প্রতিনিধি পরিষদের রকিংহ্যাম ৩০তম ডিস্ট্রিক্টে নির্বাচিত হয়েছেন আবুল বাশার খান।
স্থানীয় প্রশাসনে বিশেষ গুরুত্ব পেয়েছে টেক্সাসের লেটিশিয়া প্লামারের জয়। রিপাবলিকান অরল্যান্ডো সানচেজকে পরাজিত করে তিনি হ্যারিস কাউন্টি জাজ নির্বাচিত হয়েছেন। নামের মধ্যে ‘জাজ’ থাকলেও পদটি মূলত কাউন্টি প্রশাসনের প্রধান নির্বাহীর। এই পদে প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছেন প্লামার। নির্বাচনের রাতেই তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজয় স্বীকার করেন।
এবারের নির্বাচনে জয়ী মুসলিম প্রার্থীদের অভিজ্ঞতাও বিচিত্র। কেউ চিকিৎসাসেবা থেকে রাজনীতিতে এসেছেন, কেউ নাগরিক অধিকার আন্দোলন ও স্থানীয় সংগঠনে কাজ করে ভোটারদের কাছে পৌঁছেছেন। তাঁদের প্রচারে বারবার উঠে এসেছে চিকিৎসার বিল, বাড়িভাড়া, সংসারের খরচ ও জননিরাপত্তার প্রশ্ন। এখন কংগ্রেস, রাজ্য আইনসভা কিংবা স্থানীয় প্রশাসনে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব তাঁদের সামনে।
তথ্যসূত্র: Associated Press (AP), CBS News



