
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার ৮ নভেম্বর দিবাগত মধ্যরাতে নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ কয়েকজন নেতাকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে সাগর চত্বরে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। তাদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে যান।
অনশনকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা ‘সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ এবং ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না। দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
শহীদ রেদোয়ান হোসেন সাগর নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০২৪ সালের ১৯ জুলাই নগরের সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে রেদোয়ান হোসেন সাগর নিহত হন।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে শহীদ সাগরের স্মরণে চত্বরটি গড়ে তোলা হয়। প্রতিবছর সেখানে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




