<![CDATA[
ইউক্রেনকে সোভিয়েত আমলের পুরোনো ৪টি মিগ-২৯ যুদ্ধবিমান দিয়েছে স্লোভাকিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর কাছে স্লোভাকিয়ার পক্ষ থেকে যুদ্ধবিমানগুলো স্থানান্তর করা হয়েছে গত বৃহস্পতিবার (২৩ মার্চ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের বিমানবাহিনীর পাইলটরা স্লোভাকিয়ার মাটি থেকে যুদ্ধবিমানগুলো চালিয়ে ইউক্রেনে নিয়ে যান। যুদ্ধবিমানগুলো নিরাপদে ইউক্রেনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ ন্যাড।
স্লোভাকিয়া জানিয়েছিল, তারা ইউক্রেনকে সবমিলিয়ে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করবে। এ সপ্তাহেই স্লোভাকিয়া প্রতিশ্রুত যুদ্ধবিমানগুলো ইউক্রেনের কাছে স্থানান্তরের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় ইউক্রেনকে প্রথম চালানে ৪টি যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া।
আরও পড়ুন: বাখমুতে গতি হারাচ্ছে রাশিয়া, পাল্টা আক্রমণের প্রস্তুতি ইউক্রেনের
জারোস্লাভ ন্যাড বলেছেন, ‘এ দারুণ পেশাদারি স্থানান্তর প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’
এদিকে, স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাকি মিগ-২৯ যুদ্ধবিমানগুলোও আসন্ন সপ্তাহে স্থানান্তর করা হবে। তবে কবে, কখন যুদ্ধবিমানগুলো ইউক্রেনকে দেয়া হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি স্লোভাক প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত সপ্তাহের শুক্রবারে স্লোভাক সরকার জানিয়েছিল, তারা ইউক্রেনকে ১৩টি সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহ করবে। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন ন্যাটোভুক্ত অনেকগুলো দেশের কাছে যুদ্ধবিমান দেয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু অধিকাংশ দেশই তাতে সাড়া দেয়নি। পোল্যান্ডের পর স্লোভাকিয়াই দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করল।
]]>



