<![CDATA[
বরগুনায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৪ মার্চ) রাত নয়টার দিকে বরগুনার বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের বাকাপোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ওই যুবলীগ নেতার নাম মো. টুটুল খান (৩৫)। তিনি বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় অভিযুক্তের নাম মো. রফিকুল ইসলাম। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী মেহেদী হাসান সিকদারকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে রফিকের বিরুদ্ধে। এ ঘটনায় সময় টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে রফিককে দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। যদিও যুবলীগ নেতা টুটুলকে কুপিয়ে জখম করার অভিযোগ অস্বীকার করেছেন রফিক।
আহত যুবলীগ নেতা টুটুল খানের ভাই জসিম খান বলেন, টুটুল ব্যক্তিগত কাজে বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাকাপোল এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে লোকজন নিয়ে রফিক তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত টুটুলের কাছ থেকে এ বিষয়ে আমরা জানতে পারি। পরে তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টুটুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: বাউফলে দুই শিক্ষার্থী হত্যা: দুই কিশোর গ্রেফতার
এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ব্যক্তিগত কাজে গত কয়েকদিন ধরে তিনি বেতাগী থেকে অনেক দূরে অবস্থান করছেন।
এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন জানান, আহত টুটুলের হাতে-পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল ৯০ ভাগ কেটে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারা হোসেন বলেন, ইতোমধ্যেই এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চলছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>



