হ্যাকারদের অর্থ দাবির তথ্য ঠিক নয়: প্রতিমন্ত্রী

হ্যাকারদের অর্থ দাবির তথ্য ঠিক নয়: প্রতিমন্ত্রী

ই-মেইল সার্ভার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বিমানের কোনো গাফিলতি ছিল কি না, এ বিষয়ে আজ প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, গাফিলতি একেবারে নেই, তা বলা যাবে না। এ বিষয়ে তদন্ত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, আক্রমণের বিষয়টি নজরে আসার পর তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ডিজিটাল সিকিউরিটি অথোরিটিকে জানিয়েছেন। তারা পরিদর্শন করছে, কাজ চলছে।

সাইবার হামলার পর বিমান পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না বলে দাবি করেন শফিউল আজিম। তিনি বলেন, যথারীতি কাজ চলছে।

আগামীকাল সোমবারের মধ্যে হামলার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন শফিউল আজিম। তিনি বলেন, ‘আমাদের আইটি টিম ও ডিজিটাল সিকিউরিটি টিম যৌথভাবে কাজ করছে। গাফিলতির বিষয়ে এখনো পরিপূর্ণ প্রতিবেদন আসেনি। আগামীকালও কাজ হবে। কোথাও কোনো কোনো ঘাটতি থাকলে তা উঠে আসবে। ভবিষ্যতে কীভাবে এটি ঠেকানো যায়, সেটিও দেখা হবে।’

বিমান সাইবার হামলার শিকার হতে পারে—এমন আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে শফিউল আজিম বলেন, ‘এ ধরনের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।’