ছবির মানুষটি আমার বাবা

ছবির মানুষটি আমার বাবা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। ‘মানবতার দোকান’ লেখা একটা বাক্স নিয়ে বসে আছেন একজন। দুই পাশে আরও দুটি বাক্স। একটার গায়ে লেখা—‘সামর্থ্য থাকলে দিয়ে যান’, অন্যটিতে লেখা, ‘প্রয়োজন হলে নিয়ে যান’। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।

ছবির মানুষটি আমার বাবা।

আমার বাবা আবদুর রহমান সরকার মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার এলাকায় থাকেন। তিনি পেশায় ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ী হিসেবে ওষুধ ও পোলট্রিসামগ্রী বিক্রি করেন তিনি। ৩ এপ্রিল আশপাশের মানুষের কষ্টের কথা ভেবে বাবা নিজের দোকানের সামনে একটা উন্মুক্ত দোকান চালু করেন। প্রথমদিকে বাবা আমাদের কাউকে বিষয়টি জানাননি। সাময়িক আগ্রহ থেকে অনেকেই তো অনেক কাজ করেন। কাজ ও পড়াশোনার সুবাদে আমি যেহেতু ঢাকায় থাকি, তাই বাবার কাজকর্ম খুব একটা দেখার সুযোগ পাই না। বাবার উন্মুক্ত দোকানের কথা শুনে তাঁর কাছে ছবি চাই। বাবা তো প্রথমে কোনো ছবিই দেবেন না। পরে অনেক অনুনয়ের পর দোকানের একটা ছবি আমাকে পাঠান।