আজ কোথায় কী? | বাংলাদেশ

আজ কোথায় কী? | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীসহ সারা দেশে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি থাকে, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।

সোমবার (১০ এপ্রিল) কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক একনজরে:

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে অধিবেশনে যোগ দেবেন তিনি।

স্পিকারের কর্মসূচি

দুপুর আড়াইটায় জাতীয় সংসদের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের উদ্যোগে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের’ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সভাপতিত্ব করবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কর্মসূচি

বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মদন মিত্রের কর্মসূচি

ভারত-বাংলাদেশের মধ্যে বাস চলাচলকে আরও গতিশীল করার উদ্দেশে দুপুর পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী মদন মিত্র। 

আইজিপির কর্মসূচি

ঈদুল ফিতর উপলক্ষে দুপুর আড়াইটায় শপিংমল ও বাজার পরিদর্শনের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল ও নিউ মার্কেট পরিদর্শন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ফায়ার সার্ভিসের কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় রাজধানীর মৌচাক মার্কেটের অগ্নিনিরাপত্তা বিষয়ক বিষয়াদী পরিদর্শন করবেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তারা।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় রাজধানীর রামপুরার ডেলটা হেল্থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নাটোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারীকে দেখতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে বিএনপি। এতে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি আলোচনা সভার আয়োজন করেছে গণতন্ত্র মঞ্চ।

নাগরিক ঐক্যের কর্মসূচি

বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ শীর্ষক আলোচনা ও ইফতার আয়োজন করেছে নাগরিক ঐক্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।  

ডিএনসিসি মেয়রের কর্মসূচি

বেলা পৌনে ১১টায় মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিটি আর্ট কার্যক্রম পরিদর্শন করবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

]]>