<![CDATA[
দীর্ঘ অপেক্ষার পর কৃষকের সোনালি স্বপ্ন পূরণ করতে হবিগঞ্জে শুরু হয়েছে ধান কাটা উৎসব।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং আপনাদের (কৃষক) অসামান্য অবদানের ফলে বাংলাদেশ সেই কৃতিত্ব ধরে রেখেছে।
আরও পড়ুন: নতুন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা
তিনি উপস্থিত কৃষকদের দাদন ব্যবসায়ীদের হাত থেকে মুক্তি পেতে সহজ শর্তে ব্যাংক হতে কৃষি ঋণ গ্রহণে উৎসাহিত করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার এনামুল হক প্রমুখ।
]]>



