<![CDATA[
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরুর আগে সুখবর দিল আইসিসি। দুদিন আগে ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। সেখানে বাংলাদেশের ম্যাচ ভারতে দেখা গেলেও, বাংলাদেশের দেখার কোনো সুযোগ রাখেনি তারা। তবে সোমবার (৮ মে) আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি টিভিতে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ওয়ানডে সরাসরি দেখা যাবে বিনামূল্যে।
আগামীকাল ৯ মে থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। সিরিজ ইংল্যান্ডের মাঠে হলেও স্বাগতিক দেশ আয়ারল্যান্ডই।
এদিকে গত শনিবার (৬ মে) ক্রিকেট আয়ারল্যান্ড এক টুইটে জানায়, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সম্প্রচার করবে প্রিমিয়ার স্পোর্টস। এছাড়া তারা উইলো টিভি এবং ফ্যানকোডের কথাও উল্লেখ করে। তবে তারা বাংলাদেশে সম্প্রচারকারী কোনো টিভি চ্যানেলের কথা উল্লেখ করেনি তখন। যার কারণে বিপাকে পড়েছিল বাংলাদেশের দর্শকরা।
আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগেই অস্বস্তির খবর
তবে বাংলাদেশের কোনো চ্যানেলে আসন্ন এই সিরিজ সম্প্রচার না করলেও ম্যাচ দেখা থেকে দর্শকদের বঞ্চিত করছে না আইসিসি। তাদের নিজস্ব প্লাটফর্ম আইসিসি টিভিতে ফ্যান অ্যাকাউন্ট রেজিট্রেশন করে ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সূচি-
১ম ওয়ানডে- ৯ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
২য় ওয়ানডে- ১২ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড
]]>



