<![CDATA[
কুমিল্লায় ফেনসিডিল ও বিদেশি মদসহ অলি উল্লাহ অলি (৩৫) ও ইকরামুল হোসেন তারেক (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ মে) ভোরে কুমিল্লা কোতোয়ালি থানার ৫নং পাচথুবি ইউনিয়নের উত্তর বাগবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।
গ্রেফতার অলি উল্লাহ অলি সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে ও ইকরামুল হোসেন তারেক একই ইউনিয়নের মিরপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় প্রেমিককে পিটিয়ে হত্যা, প্রেমিকার বাবা ও চাচা গ্রেফতার
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায়, মাদকসহ দুই মাদক কারবারি মাদক পাচার করার উদ্দেশে পাচথুবি ইউনিয়নে উত্তর বাগবের এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের দেখে সন্দেহ হলে তাদের পথ আটকিয়ে তল্লাশি করে পুলিশ। তখন তাদের হেফাজতে থাকা ২০০ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের মধ্যে অলির নামে পূর্বে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
]]>



