<![CDATA[
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন অঞ্চলে সেনা নিয়োগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুর্নীতির অভিযোগের মধ্যে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
জেলেনস্কির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে অভিযানও চালাতে দেখে গেছে জেলেনস্কিকে। অভিযানের মুখে চলতি বছরের জানুয়ারিতে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। বড় দুর্নীতির অভিযোগে গত মে মাসেই সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালায় দুর্নীতি দমন সংস্থা।
এরই ধারাবাহিকতায় এবার সেনা নিয়োগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন জেলেনস্কি। শুক্রবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘সামরিক বাহিনীর আঞ্চলিক কমিসারদের আমরা বরখাস্ত করছি।’
আরও পড়ুন: ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে রাশিয়ায় বিমান ওড়া বন্ধ
`এই কাঠামোটি এমন সব মানুষের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত, যারা জানেন যুদ্ধটা প্রকৃতপক্ষে কী, আর যুদ্ধের এই সময় স্বার্থপরতা ও ঘুষ আদান–প্রদান কেন বড় ধরনের রাষ্ট্রদ্রোহ।’
গত বছর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটির অনেক অঞ্চল রুশ বাহিনীর দখলে চলে যায়। ওই অঞ্চলগুলো মুক্ত করতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বাহিনী। পাল্টা হামলার জন্য শক্তি সঞ্চার করতে সামরিক বাহিনীতে ইউক্রেনীয় নাগরিকদের নিয়োগ দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩
জেলেনস্কির ঘোষণার পাশাপাশি আলাদা একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়। তাতে বলা হয়েছে, সামরিক বাহিনীর আঞ্চলিক নিয়োগকেন্দ্রগুলো পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির বিভিন্ন ঘটনা উঠে এসেছে। এটা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি।
]]>


