
সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল-খোলুদের বিপক্ষে বড় জয় তুলেছে আল-নাসের। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে তিন গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো এমন অসাধারণ পারফরম্যান্সের কৃতিত্ব দিলেন সতীর্থ সাদিও মানেকে।
ঘরের মাঠ আল-আউয়াল পার্কে আল-খোলুদের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের রাতে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি সাদিও মানে একটি গোল করে রোনালদোকে দিয়েও গোল করিয়েছেন। পরে মানের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলননি সিআর সেভেন।
‘আমি তোমাকে ভালোবাসি ভাই। ক্যারিয়ারে ১,০০০ গোল করার যে স্বপ্ন আমার আছে, তার আরও কাছাকাছি পৌঁছাতে তুমি আমাকে সাহায্য করেছ। সবসময়ই তোমার অবদানের কদর করব। ভবিষ্যতে কোন একদিন আমরা হয়তো একসঙ্গে সেনেগালে যাব এবং দাতব্য কাজের মাধ্যমে সেখানকার মানুষের জন্য বিশেষ কিছু করব।’
জবাবে সাদিও মানে বলেছেন, ‘এই কথাগুলো আমার কাছে অনেক অর্থবহ। কারণ ক্রিস্টিয়ানো এমন একজন মানুষ যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি এখন আর আমাকে কেবল একজন সতীর্থ বা বন্ধু হিসেবে দেখে না, বরং ছোট ভাই হিসেবে মনে করেন। তবে ক্রিস্টিয়ানোর মতো একজন মানুষের সঙ্গে এমন আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা এমন এক প্রাপ্তি, যা সবসময় আগলে রাখব। তিনি আমার কাছে কেবল একজন সতীর্থ নন, আমার পরিবারের একজন।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




