জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে যুক্তি, চিন্তা ও রাজনৈতিক শক্তি দিয়ে, গালাগালি করে নয়। আর অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ইসলামপন্থী দলগুলোর ফিরে আসাও গণতান্ত্রিক পরিবেশে সম্পূর্ণ স্বাভাবিক।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘জুলাই-উত্তর রাজনীতি: গতি ও গত্যন্তর’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ’।
আলোচনা সভায় আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমি বিএনপির গত ১৫ বছরের আন্দোলনের চারটি প্রধান দাবি স্মরণ করিয়ে দিতে চাই—খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দেশে ফেরা, নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন। এই চারটি দাবিই আজ পূরণ হয়েছে…জামায়াতের অবস্থাও ছিল ভিন্ন। দলটি নিষিদ্ধ ছিল, অফিস তালাবদ্ধ ছিল, নেতারা আত্মগোপনে ছিলেন, কেউ কারাগারে, কেউ মৃত্যুদণ্ডের অপেক্ষায়।’




