আবু হায়দারের ব্যাটে আবারও ঝলক, ৩০০–তে নাঈম, জিসানের ৫২ বলের অপেক্ষা

আবু হায়দারের ব্যাটে আবারও ঝলক, ৩০০–তে নাঈম, জিসানের ৫২ বলের অপেক্ষা

গত ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগটা যেখানে শেষ করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট লিগটা ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন আবু হায়দার।

সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষবার ব্যাটিং করতে নেমে খেলেছিলেন ১৪১ রানের অপরাজিত এক ইনিংস। রনি নামেই বেশি পরিচিত এই পেস বোলিং অলরাউন্ডার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন ১০১ রানে ৬ উইকেট হারানোর পর।

চার মাস পর আজ সেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আবারও প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামলেন আবু হায়দার। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে হায়দার ব্যাটিং করতে নেমেছেন ১২৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর। আর সেখান থেকেই আশিকুর রহমান শিবলিকে নিয়ে দলকে উদ্ধার করেছেন হায়দার। আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দিনটা মধ্যাঞ্চল শেষ করেছে ২৭২ রান তুলে। হায়দার অপরাজিত আছেন ৯০ রানে, ৭৫ রানে ছয়ে নামা আশিকুর।