উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড | চ্যানেল আই অনলাইন

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে প্রবল চাপ নিয়ে নেমেছিল পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করায় সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে বিতর্ক ছাপিয়ে জোড়া গোল করে দলকে এনে দিলেন বড় জয়, গড়েছেন বেশ কিছু রেকর্ডও।

এদিন খেলতে নেমেই সব কিছুর যেন জবাব দিলেন তিনি। ৬ মিনিটেই দারুণ গোলে গড়েন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ছয় আসরে গোল করার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বিশ্বকাপে গোল আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো।

পরে ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে ছাড়িয়ে যান পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে। পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন সিআর সেভেন। ছয় আসরে তিনি করেছেন ১০ গোল। ১৯৬৬ বিশ্বকাপ থেকে ৯টি গোল করে রেকর্ডটি ছিল ইউসেবিওর। গ্রেট ইউসেবিও অবশ্য ৯ গোল করেছিলেন কেবল ৬ ম্যাচে, রোনালদোর লাগল ২৪ ম্যাচ।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন রোনালদো, বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪১ বছর ১৩৮ দিন) গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। শীর্ষে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলা, ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন তিনি।