LATEST
হামে আরও ৬ শিশুর মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রথম দফায় সফল পরীক্ষামূলক উৎপাদন শেষে গ্রিড থেকে বিচ্ছিন্ন নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ এশিয়া মার্কেটিং ফেডারেশনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাজিদ মাহবুব ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Current Affairs

এআই দিয়ে হাজার হাজার বই লিখে সরকারি লাইব্রেরিতে বিক্রি, অতপর যা ঘটলো

এআই দিয়ে হাজার হাজার বই লিখে সরকারি লাইব্রেরিতে বিক্রি, অতপর যা ঘটলো

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে হাজার হাজার বই তৈরি করে সেগুলো সরকারি লাইব্রেরিতে বিক্রির অভিযোগ উঠেছে ভারতের তামিলনাড়ুর এক প্রকাশকের বিরুদ্ধে। এ ঘটনায় ১ কোটি ৭৪ লাখ রুপির দুর্নীতির অভিযোগে আর মোহন নামে এক প্রকাশককে গ্রেপ্তার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা (ডিভিএসি)।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রকাশনা ব্যবসার আড়ালে ‘অগল ভিলক্কু’ ও ‘ফিনিক্স’ নামে দুটি ভুয়া প্রকাশনা সংস্থা গড়ে তোলেন মোহন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এআই ব্যবহার করে বিপুলসংখ্যক বই তৈরি ও ছাপিয়ে সরকারি লাইব্রেরিতে সরবরাহ করতেন তিনি। বইগুলোর দামও রাখা হতো তুলনামূলক বেশি।

তদন্তে উঠে এসেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোহন মোট ৫ হাজার ৩১৬টি বইয়ের আইএসবিএন নিবন্ধন করান। এর মধ্যে ‘অগল ভিলক্কু’ প্রকাশনার নামে ২ হাজার ৩৯৩টি এবং ‘ফিনিক্স’ থেকে ২ হাজার ৯২৩টি বই প্রকাশ করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, মনিকা, রবি ও লক্ষ্মীসহ ছয়জন কাল্পনিক লেখকের নামে ১০০টিরও বেশি করে বই প্রকাশ করা হয়েছে। এ ছাড়া আরও ৭৪ জন কাল্পনিক লেখকের পরিচয় পাওয়া গেছে।

শুধু কাল্পনিক লেখকের নাম ব্যবহারই নয়, বিদেশি লেখকদের জনপ্রিয় বই হুবহু নকল করে ভারতীয় লেখকের নামে প্রকাশের অভিযোগও উঠেছে। এমন বইয়ের তালিকায় রয়েছে নিনা শিকের লেখা ‘ডিপফেক: দ্য কামিং অব ইনফোক্যালিপ্স’।

সরকারি নিয়ম অনুযায়ী, লাইব্রেরিতে বই কেনার আগে বই নির্বাচন কমিটি ও মূল্য নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন। অভিযোগ রয়েছে, ২০২৫ সালে গঠিত একটি সমন্বয় কমিটি যথাযথ যাচাই ছাড়াই মোহনের প্রকাশিত বইগুলো কেনার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে।

এরপর কোয়ম্বত্তূরের পেরিয়ার আরিভুলাগমসহ তামিলনাড়ুর বিভিন্ন সরকারি লাইব্রেরির জন্য বইগুলো কেনা হয়।

গত ৬ নভেম্বর রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর ১২টি লাইব্রেরির বই কেনার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে ডিভিএসিকে তদন্তের অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর মোহন ও লাইব্রেরির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র ও প্রতারণার মামলা করা হয়।

গত সোমবার ডিভিএসির কর্মকর্তারা মোহনের বাড়ি, প্রকাশনা কার্যালয় ও ছাপাখানাসহ অন্তত সাতটি স্থানে অভিযান চালান। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও হার্ডডিস্ক জব্দ করা হয়। পরে মোহনকে গ্রেপ্তার করা হয়।

এআইয়ের সাহায্যে বই তৈরি করে প্রকাশনা ও বিক্রির ঘটনা নতুন না হলেও, কাল্পনিক লেখকের পরিচয় ব্যবহার, বিদেশি বই নকল এবং সরকারি লাইব্রেরিতে সেগুলো সরবরাহের অভিযোগ এ ঘটনাকে বিশেষভাবে আলোচনায় এনেছে। তদন্তে এখন মূলত বই কেনার প্রক্রিয়ায় অনিয়ম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

More in Current Affairs

View all

Latest news